
নিজস্ব প্রতিবেদক : কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলা ধ্বসে দফায় দফায় শ্রমিক মৃত্যুর ঘটনায় কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুম বিল্লাহকে বদলি করা হয়েছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মাসুম বিল্লাহকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ইউএনও মাসুম বিল্লাহকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কয়েক দফায় প্রাণহানি আর প্রশাসনের অভিযানের পরও শাহ আরেফিন টিলা থেকে বন্ধ হচ্ছে না পাথর উত্তোলন। গত ২৩ জানুয়ারি শাহ আরেফিন টিলা ধ্বসে পাঁচ শ্রমিক মারা যান বলে নিশ্চিত করে পুলিশ। যদিও স্থানীয়দের দাবি, সেদিন মারা যান ৮ জন। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে টিলা কেটে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে আনিছ (৩৬) নামে এক শ্রমিক মারা যান। এতে আহত হন আরো দুই শ্রমিক। বিকেলে এ ঘটনায় আব্দুল কাদের নামের এক পাথর ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
এর আগে শনিবার টিলা ধ্বসে শ্রমিক নিহতের ঘটনায় ‘গাফিলতির’ দায়ে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলমকে প্রত্যাহার করা হয়।